মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চন্ডীদ্বার স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন মাদকবিরোধী স্লোগানে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরবর্তীকালে অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে বক্তারা বলেন, মাদক একজন ব্যক্তি, পরিবার ও পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। বিশেষ করে দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি তরুণ প্রজন্মকে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এখন সময়ের দাবি। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, সমাজ ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তাদের মাদকমুক্ত ও অনুকূল পরিবেশে বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি করা সবার নৈতিক দায়িত্ব। একই সঙ্গে তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হয়।
সমাবেশ থেকে শুধু মাদককে ‘না’ বলাই নয়, বরং মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সঠিক চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক কারবার ও এর বিস্তার রোধে সামাজিকভাবে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আয়োজকেরা জানান, কেবল একটি আনুষ্ঠানিক র্যালি বা সমাবেশের মধ্যেই এই উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থী ও তরুণদের মধ্যে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
kalprakash.com/IM