নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ চালুর প্রস্তাব দিয়েছেন সেখানে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা। প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে তহবিল প্রাপ্তি সাপেক্ষে বৃত্তি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে নেপালি শিক্ষার্থীরা এ প্রস্তাব তুলে ধরেন।
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। তারা জানান, ভয়াবহ এ দুর্যোগের কারণে শিক্ষার্থীদের বহু পরিবার আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ অনিশ্চয়তার মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এমন সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে বিশেষ বৃত্তি চালুর গুরুত্ব তুলে ধরেন শিক্ষার্থীরা। তাদের মতে, ‘ডিজাস্টার স্কলারশিপ স্কিম’ চালু করা হলে দুর্যোগকবলিত শিক্ষার্থীরা আর্থিক চাপ কাটিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সহমর্মিতাপূর্ণ দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
নেপালি শিক্ষার্থীদের এ প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তহবিল পাওয়া গেলে বৃত্তিটি চালুর কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় নেপালের প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক এস এম কামরুজ্জামান এবং শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক মো. আবু বকর প্রাং উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM