ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও এডিস মশার বংশবিস্তার রোধে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের উদ্যোগে শহরের পুরাতন পুলিশ লাইন, নূর মসজিদ ও চালতেতলা এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় ও সম্ভাব্য প্রজননস্থলে মশা নিধনের ওষুধ স্প্রে করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি হয়। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সচেতনতা অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধে করণীয়, মশার কামড় থেকে বাঁচার উপায় এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শামিম মুন্সি, আজিজুল ইসলাম আশিক, তানভীর হাওলাদার, তানভীর ইসলাম জিসানসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে কেবল ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে। জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।
kalprakash.com/IM