সৌদি আরবের পবিত্র মক্কা প্রদেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্কতা হিসেবে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।
বুধবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, মক্কা ও আশপাশের এলাকায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জলাবদ্ধ এলাকা, পাহাড়ি উপত্যকা ও বাঁধের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে এবং কর্তৃপক্ষের দেওয়া সমস্ত নিরাপত্তা নির্দেশিকা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরবের আবহাওয়া কেন্দ্রের মানদণ্ড অনুযায়ী, লাল সতর্কতা বা রেড অ্যালার্ট হলো সর্বোচ্চ স্তরের সতর্কবার্তা, যা চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় জারি করা হয়। মক্কা প্রদেশে গত কয়েক দিন ধরেই আবহাওয়া বেশ অস্থির রয়েছে এবং বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ অঞ্চলে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, তীব্র বজ্রপাত এবং আকস্মিক বন্যার ঝুঁকিসহ ভারী বর্ষণের পূর্বসতর্কবার্তা জারি করেছিল দেশটির আবহাওয়া বিভাগ।
kalprakash.com/IM