সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাঁর কণ্ঠস্বর কিছুটা জড়িয়ে যাওয়া, ঢুলুঢুলু চোখ ও কথাবার্তার ধরন দেখে নেটিজেনদের একাংশ নানা ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ তাঁকে ‘নেশাগ্রস্ত’ বলেও দাবি করছেন; তবে এমন দাবির সপক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যালোউইন উৎসব উপলক্ষে চুলের সাজসজ্জা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হানিয়া। নিজের টিম ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে কথা বলার সময় তাঁকে বেশ উৎফুল্ল ও চঞ্চল মেজাজে দেখা যায়। নিজের আসল চুল আড়াল করে উইগ পরিয়ে দেওয়ার বিষয়ে স্টাইলিস্টকে নির্দেশনা দিতেও শোনা যায় তাঁকে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই তৈরি হয় নানা বিতর্ক। ভিডিওতে অভিনেত্রীর কথা বলার ধরন ও শারীরিক অঙ্গভঙ্গি দেখে কেউ কেউ মাদক বা অ্যালকোহল গ্রহণের মতো দাবি তোলেন এবং তাঁর ব্যক্তিগত আচরণ নিয়ে নানা মন্তব্য করেন।
তবে এসব ধারণার সঙ্গে একেবারেই একমত নন হানিয়ার অগণিত ভক্ত-অনুরাগী। তাঁদের মতে, ভিডিওতে এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই যার ভিত্তিতে কোনো তারকাকে নেশাগ্রস্ত বলা চলে। ভক্তদের একাংশের ধারণা, দীর্ঘ সময় কাজের পর ক্লান্ত থাকা কিংবা ঘুম থেকে ওঠার পরপরই এমনটা দেখাতে পারে। অনেকেই আবার তারকাদের স্বাভাবিক আনন্দ-উচ্ছ্বাস ও চঞ্চলতাকে অতিরঞ্জিত করে বিতর্ক সৃষ্টির প্রবণতার কঠোর সমালোচনা করেছেন।
এদিকে ভিডিওটি ঠিক কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চললেও হানিয়া আমির কিংবা তাঁর জনসংযোগ দলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে জনপ্রিয় এই পাকিস্তানি অভিনেত্রীকে বিলাল আব্বাস খানের বিপরীতে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।
kalprakash.com/IM