বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৫:০৪

আসছে ‘মহানগর ৩’: জন্মদিনে বড় ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৬:০৩
শেয়ার: mail
আসছে ‘মহানগর ৩’: জন্মদিনে বড় ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

অবশেষে অবসান হতে যাচ্ছে দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’-এর বহুল প্রতীক্ষিত তৃতীয় সিজনের দীর্ঘ অপেক্ষার। সিরিজটির নতুন কিস্তি নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নতুন সিজনের চিত্রনাট্য লেখার কথা জানিয়ে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছেন তিনি।

বাংলাদেশে ওটিটি কনটেন্টের জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করা ‘মহানগর’ প্রথম মুক্তি পায় ২০২১ সালে। এর দুই বছর পর দর্শকদের সামনে আসে এর দ্বিতীয় সিজন। টানটান চিত্রনাট্য ও অনবদ্য অভিনয়ের গুণে বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও বিপুল প্রশংসিত হয় সিরিজটি। দ্বিতীয় সিজনের শেষেই তৃতীয় কিস্তির স্পষ্ট আভাস থাকলেও নানা কারণে দীর্ঘদিন এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমনকি বাজেট জটিলতার কারণে ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ তখন এর নির্মাণ করতে পারছে না বলেও খবর ছড়িয়েছিল।

তবে এবার অপেক্ষার অবসানের বার্তা দিলেন খোদ নির্মাতাই। বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিনে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। ভিডিওর একপর্যায়ে তিনি বলেন, ‘যাই হোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’ কোন চিত্রনাট্যের কথা বলছেন, সেটিও খুব বেশি রহস্যে রাখেননি তিনি। কথা শেষে নিজের কণ্ঠে ‘মহানগর’-এর বহুল পরিচিত আবহসংগীত (ইন্ট্রো মিউজিক) গেয়ে শোনান নির্মাতা।

ভিডিওটি প্রকাশের পরই ভক্তদের মাঝে শুরু হয় জোর চর্চা। পরিচালকের পোস্টের নিচে এক অনুসারীর মন্তব্য ছিল, ‘‘তাহলে কি ‘মহানগর ৩’ ভায়া?’’, যার উত্তরে আশফাক নিপুণ সরাসরি লেখেন, ‘ইয়েস’। এতেই নিশ্চিত হওয়া গেছে ‘মহানগর ৩’-এর কাজ পুরোদমে এগিয়ে চলছে। তবে সিরিজটির শুটিং কবে শুরু হবে কিংবা কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সময়সূচি জানানো হয়নি।

সিরিজটির প্রথম দুই সিজনে পুলিশ কর্মকর্তা ‘ওসি হারুন’ চরিত্রে অনবদ্য অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা পান মোশাররফ করিম। জানা গেছে, তৃতীয় সিজনেও তাঁকে এই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। পাশাপাশি নতুন সিজনে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আসছে ‘মহানগর ৩’: জন্মদিনে বড় ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুণ

বিস্তারিত কমেন্টে