পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার (২৬ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি এবং কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি।
তিনি জানান, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে পুনরায় যথারীতি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান, ঈদে মিলাদুন্নবীর ছুটিতে বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, “সরকারি ছুটির কারণে বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে আবার যথানিয়মে কার্যক্রম চালু হবে। তবে ছুটি চলাকালে বেনাপোল বন্দরে ইতিমধ্যে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো ভারতে ফেরত যাওয়ার সুযোগ পাবে।”
উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে প্রতিদিন দেড় সহস্রাধিক পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। এ বন্দরের বাণিজ্যিক কার্যক্রম থেকে সরকার প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী ভ্রমণ কর থেকে প্রায় ২০ লাখ টাকার রাজস্ব পেয়ে থাকে।
kalprakash.com/IM