যশোরের শার্শায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, “যারা শিবির করে, তারা মেধাবী এবং সমাজের ভালো, ভদ্র ও উত্তম চরিত্রের অধিকারী হয়।”
রবিবার (২৩ আগস্ট ২০২৬) সকাল ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শার্শা উপজেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে মাওলানা আজীজুর রহমান বলেন, “ইসলামী ছাত্রশিবির একটি কল্যাণকর সংগঠন। উপজেলার সেরা ও মেধাবী শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। ছাত্রশিবির এমন একটি সংগঠন, যেখানে মেধার বিকাশের পাশাপাশি উত্তম চরিত্র গঠনের সুযোগ তৈরি হয়।”
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত, তারা সমাজে ভালো ও ভদ্র ছেলে হিসেবে পরিচিতি লাভ করে।” দেশকে এগিয়ে নিতে মেধা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক তৈরিতে ছাত্রশিবিরের ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শার্শা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাদিউজ্জামানের সভাপতিত্বে এবং মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু ইউসুফ আলী।
প্রধান বক্তার বক্তব্যে আবু ইউসুফ আলী বলেন, শুধু দক্ষতা অর্জন করলেই হবে না, এর সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। দক্ষতা ও নৈতিকতার সমন্বয় না হলে সমাজে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে। দেশপ্রেমিক, দক্ষ ও নীতিবান নাগরিক তৈরির লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির যশোর জেলা শাখার সভাপতি ইসমাইল হোসাইন, শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসানসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM