বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদল আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। এই মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন শামা ওবায়েদ ইসলাম। দপ্তর পুনর্বণ্টনের পরও তিনি নিজ পদে বহাল রয়েছেন। ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এই প্রথম একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হলো।
গতকাল শুক্রবার নতুন ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথের পর নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শুক্রবার রাতেই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে।
হুমায়ুন কবির ইতিপূর্বে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টার দায়িত্বেও ছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। একই সঙ্গে বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কার্যক্রমেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকাকালে পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি। সংশ্লিষ্টদের মতে, এই কূটনৈতিক অভিজ্ঞতার আলোকেই তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন চার পূর্ণ মন্ত্রী হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
kalprakash.com/IM