রাজধানীর বিনোদন জগতে যোগ হতে যাচ্ছে নতুন এক আকর্ষণ। বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকের সেন্ট্রাল পার্কে প্রায় ৪৭ বিঘা জমিজুড়ে গড়ে উঠছে একটি বৃহৎ ও বহুমাত্রিক বিনোদনকেন্দ্র। এর অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে নির্মিত হচ্ছে প্রায় ৯০ মিটার উচ্চতার বিশাল ফেরিস হুইল ঢাকা আই, যার পূর্ণাঙ্গ চাকা নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আকাশছোঁয়া এই বিশাল ফেরিস হুইলের মোট ঘূর্ণন ব্যাস প্রায় ৮২ মিটার। এতে থাকছে মোট ৪৮টি কেবিন এবং প্রতিটি কেবিনে একসঙ্গে ছয়জন যাত্রী বসতে পারবেন। অর্থাৎ একবারে প্রায় ২৮৮ জন দর্শনার্থী ঢাকা আইয়ে চড়ার সুযোগ পাবেন। একবার সম্পূর্ণ চক্কর দিতে সময় লাগবে প্রায় ২০ মিনিট। ধীরগতির এই যাত্রায় দর্শনার্থীরা উঁচু থেকে রাজধানীর বিস্তৃত দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন। প্রতিটি কেবিন তৈরি করা হচ্ছে অ্যালুমিনিয়াম সংকর ধাতু দিয়ে। যাত্রীদের আরাম ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এতে থাকছে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, আধুনিক আসন, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং হাতে পরিচালিত দরজা।
প্রায় ৪৭ বিঘার বিশাল এই এলাকায় দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে নানা ধরনের রোমাঞ্চকর রাইড ও বিনোদনের আয়োজন। রোমাঞ্চপ্রেমীদের জন্য থাকছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম উঁচু রোলার কোস্টারগুলোর একটি। এর পাশাপাশি থাকছে স্পাইডার হুইল, ড্রপ টাওয়ারসহ আরও বেশ কিছু আকর্ষণীয় রাইড।
শিশু ও পরিবারের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে বিশেষ ইনডোর প্লে জোন, যেখানে শিশুরা ঘরের ভেতরেই বিভিন্ন খেলাধুলা উপভোগ করতে পারবে। ফলে শিশু থেকে শুরু করে তরুণ ও পরিবারসহ সব বয়সের দর্শনার্থীদের জন্য থাকছে আলাদা বিনোদনের ব্যবস্থা।
একটি পূর্ণাঙ্গ বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এখানে রোমাঞ্চকর রাইড, শিশুদের বিনোদন ও পারিবারিক অবসর যাপনের সুযোগ একসঙ্গে যুক্ত করা হচ্ছে। বর্তমানে পুরো এলাকাজুড়ে বিভিন্ন অবকাঠামোর নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। এর মধ্যে প্রায় ৯০ মিটার উচ্চতার ঢাকা আইয়ের চাকা নির্মাণ সম্পন্ন হওয়া প্রকল্পটির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
রাজধানীর ব্যস্ত নগরজীবনের মাঝে বসুন্ধরা এন ব্লকের এই বিনোদনকেন্দ্র ঢাকার বিনোদন জগতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
kalprakash.com/IM