সচেতন ও মানবিক নাগরিক হিসেবে আলাদা পরিচিতি রয়েছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের। অভিনয়ের পাশাপাশি মানুষ ও প্রাণীর কল্যাণে কাজ করেন তিনি। তাঁর সামাজিক প্ল্যাটফর্ম ‘টুগেদার উই ক্যান’-এর মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়েও কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।
এবার এই প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী উৎসব ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’। ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবটি অনুষ্ঠিত হবে।
নওশাবা জানান, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রবেশদ্বার উন্মুক্ত করা হবে। এরপর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শুরু হবে ধরণীর গান। এ পর্বে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীদের সংগীত পরিবেশনা থাকবে।
এরপর মূল পর্বে রাত ৮টায় মঞ্চস্থ হবে পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যোপন্যাস অবলম্বনে নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’। নাটকটি মঞ্চস্থ করবেন ক্যামেলিয়া শারমিন চূড়া ও তাঁর দল।
মূলত ক্যামেলিয়ার মা শাহিন সুলতানার চিকিৎসার খরচ জোগাড়ের লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ। তিনি চতুর্থ স্তরের রেকটাল ক্যানসারে আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। এর আগে ‘টুগেদার উই ক্যান’-এর সহযোগিতায় গাজীপুর সিটি করপোরেশনে মঞ্চনাটক প্রদর্শনী করে ভালো সাড়া পেয়েছিলেন ক্যামেলিয়া। এবার টিকিট বিক্রির অর্থ দিয়ে মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে রাজধানীতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
কাজী নওশাবা জানান, উৎসবটির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ও ৫০০ টাকা। তবে শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে ৩০০ টাকায় টিকিট সংগ্রহ করতে পারবেন।
এক ভিডিও বার্তায় অভিনেত্রী নওশাবা বলেন, ক্যানসার অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা, যা একা বহন করা সম্ভব নয়। ‘টুগেদার উই ক্যান’-এর মূল দর্শন হলো সহমর্মিতা, বন্ধুত্ব ও একতা। প্রথমবারের মতো টিকিট বিক্রির মাধ্যমে এমন একটি মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সবাইকে পরিবার ও বন্ধুদের নিয়ে উৎসবে অংশ নেওয়ার মাধ্যমে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
kalprakash.com/IM