যশোরের বেনাপোলে ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৩৪) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকা থেকে স্বর্ণের বারসহ তাঁকে আটক করা হয়। আটক সুজন হোসেন পুটখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বিজিবি বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সুজন মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে তাঁর শরীরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাঁর শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তাঁর কাছ থেকে মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। জব্দকৃত মোটরসাইকেল ও মোবাইলসহ মোট সিজারমূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা এবং জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
kalprakash.com/IM