কম্পিউটারে থাকা ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে রাখতে অনেকেই গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণ ব্যবহার করতেন। তবে এবার এ নিয়মে বড় পরিবর্তন এনেছে গুগল। সম্প্রতি গুগল ড্রাইভের ডেস্কটপ সংস্করণের মাধ্যমে গুগল ফটোজে ছবি ও ভিডিও রাখার সুবিধা বন্ধ করা হয়েছে।
এতে করে এতদিন কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারে ছবি বা ভিডিও রাখলেই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে যেভাবে গুগল ফটোজে জমা হতো, এখন আর সেটি হবে না। ব্যবহারকারীদের এ কাজের জন্য নতুন পদ্ধতি অনুসরণ করতে হবে।
আগের ছবি-ভিডিও মুছে যাবে কি? এ পরিবর্তনের কারণে আগে গুগল ফটোজে সংরক্ষণ করা কোনো ছবি বা ভিডিও মুছে যাবে না। গুগল জানিয়েছে, আগে সংরক্ষিত সব ছবি ও ভিডিও আগের মতোই যথারীতি থাকবে। এতদিন ড্রাইভের ডেস্কটপ সংস্করণের মাধ্যমে যেসব কনটেন্ট গুগল ফটোজে আপলোড করা হয়েছিল, সেগুলো হারানোর কোনো ঝুঁকি নেই। এই পরিবর্তন কেবল নতুন করে ফাইল আপলোডের ক্ষেত্রে প্রযোজ্য।
যেভাবে সংরক্ষণ করবেন নতুন ছবি-ভিডিও ড্রাইভের ডেস্কটপ সংস্করণের পুরোনো পদ্ধতি বন্ধ হয়ে গেলেও কম্পিউটার থেকে ছবি ও ভিডিও গুগল ফটোজে ব্যাকআপ রাখার বিকল্প সুযোগ রয়েছে। এর জন্য এখন সরাসরি গুগল ফটোজের ওয়েবসাইট ব্যবহার করতে হবে। কম্পিউটারের ব্রাউজার থেকে গুগল ফটোজে গিয়ে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ছবি যোগ করার অপশনে গিয়ে ‘ফোল্ডার সংরক্ষণ’ নির্বাচন করতে হবে এবং কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারটি চিনিয়ে দিতে হবে। প্রয়োজনীয় অনুমতি দিলেই ওই ফোল্ডারের ফাইলগুলো গুগল ফটোজে আপলোড শুরু হবে।
কারা বেশি প্রভাবিত হবেন? এই পরিবর্তনটি মূলত তাঁদের বেশি প্রভাবিত করবে, যাঁরা নিয়মিত কম্পিউটারের মাধ্যমে ক্যামেরা বা মোবাইল ফোনের ছবি স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ রাখতেন। কম্পিউটারে সংরক্ষিত পুরোনো ছবির বিশাল সংগ্রহ কিংবা নির্দিষ্ট ফোল্ডারের ছবি সরাসরি অনলাইনে সংরক্ষণের ক্ষেত্রে এতদিনের চেনা পদ্ধতি আর কাজ করবে না।
গুগল ড্রাইভের ফাইলের কী হবে? গুগল ড্রাইভে বা ফটোজে আগে থাকা কোনো ছবি বা ভিডিও মুছে যাবে না। শুধু ড্রাইভের ডেস্কটপ সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের ফোল্ডার থেকে সরাসরি ব্যাকআপ নেওয়ার অপশনটি বন্ধ থাকবে।
সংরক্ষণের আগে স্টোরেজ যাচাই একটি বিষয় মনে রাখা জরুরি, গুগল ফটোজে ছবি ও ভিডিও সংরক্ষণ করলে তা গুগল অ্যাকাউন্টের নির্ধারিত মোট ক্লাউড স্টোরেজ ব্যবহার করে। একই স্টোরেজ জিমেইল ও গুগল ড্রাইভের সঙ্গেও ভাগাভাগি হয়। তাই একসঙ্গে অনেক ফাইল আপলোড করার আগে অ্যাকাউন্টে পর্যাপ্ত খালি জায়গা রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া ভালো।
পুরোনো সংরক্ষিত ডেটা সুরক্ষিত থাকলেও, যারা কম্পিউটার থেকে নিয়মিত ছবি ও ভিডিও ক্লাউডে রাখতে চান, তাঁদের এখন থেকে গুগল ফটোজ ওয়েবসাইটের নতুন নিয়ম মেনে ব্যাকআপ নিতে হবে।
সূত্র: গুগল ড্রাইভ হেল্প
kalprakash.com/IM