আইফোনের তিনটি মডেলের ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে অ্যাপল। বিশেষভাবে তৈরি ক্ষতিকর ফাইল প্রক্রিয়াকরণের মাধ্যমে ফোনে ক্ষতিকর কোড চালানোর সুযোগ তৈরি করতে পারে, এমন একটি নিরাপত্তাত্রুটি সংশোধন করেছে প্রতিষ্ঠানটি। ঝুঁকি কমাতে দ্রুত সফটওয়্যার আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।
অ্যাপলের নিরাপত্তা বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৬ অক্টোবর আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআরের জন্য আইওএস ১৮.৭.১১ আপডেট প্রকাশ করা হয়। একই সঙ্গে নির্দিষ্ট আইপ্যাড মডেলের জন্যও আপডেটটি উন্মুক্ত করা হয়েছে।
অ্যাপলের তথ্যমতে, CVE-2026-86950 নম্বরে শনাক্ত হওয়া দুর্বলতাটি কোরগ্রাফিকস (CoreGraphics) সফটওয়্যারের সঙ্গে সম্পর্কিত। এই সফটওয়্যার ছবি ও অন্যান্য দৃশ্যমান কনটেন্ট প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়।
ত্রুটিটির কারণে মেমোরির নির্ধারিত সীমার বাইরে তথ্য লেখার সুযোগ তৈরি হতে পারত। হামলাকারীরা বিশেষভাবে তৈরি কোনো ক্ষতিকর ফাইল ডিভাইসে প্রক্রিয়াকরণের সুযোগ পেলে এর মাধ্যমে নিজেদের তৈরি কোড চালাতে পারত।
অ্যাপল জানিয়েছে, আইওএস ২৭-এর আগের সংস্করণে থাকা নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে চালানো অত্যন্ত জটিল সাইবার হামলায় এই দুর্বলতা ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে হামলার শিকার ব্যক্তিদের পরিচয় কিংবা হামলার বিস্তারিত কৌশল প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
আইওএস ১৮.৭.১১ আপডেটে আরও দুটি নিরাপত্তাসংক্রান্ত সমস্যা সমাধান করা হয়েছে। এর একটি কাজে লাগিয়ে ক্ষতিকর অ্যাপ ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ক্যামেরায় প্রবেশের সুযোগ পেতে পারত। অন্য ত্রুটির কারণে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা ছিল। তবে অ্যাপলের বিজ্ঞপ্তিতে এ দুটি ত্রুটি বাস্তব সাইবার হামলায় ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ করা হয়নি।
নিরাপত্তা ঝুঁকি কমাতে ব্যবহারকারীদের ফোনে সর্বশেষ সমর্থিত সফটওয়্যার সংস্করণ ইনস্টল করা উচিত। এ জন্য:
১. প্রথমে গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ নিন।
২. আইফোনটি স্থিতিশীল ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করুন এবং চার্জে দিন।
৩. ফোনের Settings অপশনে প্রবেশ করুন।
৪. এরপর General → Software Update নির্বাচন করুন।
৫. সর্বশেষ উপলভ্য আপডেট দেখা গেলে সেটি ডাউনলোড করে ইনস্টল করুন।
ফোনের মডেল ও বর্তমানে ইনস্টল করা সফটওয়্যার সংস্করণ অনুযায়ী আপডেট ভিন্ন হতে পারে। তাই ডিভাইসের জন্য প্রদর্শিত সর্বশেষ সমর্থিত সংস্করণটি ইনস্টল করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিয়মিত সফটওয়্যার আপডেট পরীক্ষা করা এবং স্বয়ংক্রিয় আপডেট চালু রাখলে নিরাপত্তা ঝুঁকি কমাতে সহায়তা পাওয়া যায়।
সূত্র: অ্যাপলের নিরাপত্তা বিজ্ঞপ্তি, ডেইলি মেইল।
kalprakash.com/IM