রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রস্তাবিত ‘২+২’ অ্যাকাডেমিক প্রোগ্রামের আওতায় স্নাতক (অনার্স) পর্যায়ের শিক্ষার্থীরা চার বছর মেয়াদি কোর্সের প্রথম দুই বছর রাবিতে এবং শেষ দুই বছর জাপানের অংশীদার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন।
রবিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে জাপানের প্রতিনিধিদলের এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, নির্ধারিত অ্যাকাডেমিক যোগ্যতা ও শর্তাবলি পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা জাপানের অংশীদার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শেষ দুই বছর অধ্যয়ন করবেন। সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা জাপানের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি আন্তর্জাতিক ডিগ্রি ও সনদ অর্জন করতে পারবেন।
বৈঠকে জাপানের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কিবিগাকুয়েন এডুকেশনাল ইনস্টিটিউশনের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চেয়ারম্যান ড. হিরোইউকি ইজিরি এবং প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার রিজিওনাল ওরিয়েন্টেড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. শিনজিরো ওগিতা। এ সময় রাবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মতিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানান, প্রস্তাবিত এই ‘২+২’ যৌথ শিক্ষা কার্যক্রম রাবির শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাদানের পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণার পথ আরও সুগম করবে।
kalprakash.com/IM