পটুয়াখালী সদর উপজেলায় ফজরের নামাজের সুন্নত আদায়ের সময় সিজদারত অবস্থায় হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ (৩৩) নামে এক তরুণ ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় মুসল্লি ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার ভোরেও ফজরের নামাজের জামাত পরিচালনার জন্য মসজিদে আসেন ইমাম আতাউল্লাহ। জামাত শুরুর আগে তিনি একাকী দুই রাকাত সুন্নত নামাজ আদায় করছিলেন। এ সময় দ্বিতীয় রাকাতের সিজদায় গিয়ে তিনি দীর্ঘক্ষণ স্থির হয়ে থাকেন। পরে মুসল্লিরা কাছে গিয়ে দেখেন, সিজদারত অবস্থাতেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন।
মৃত হাফেজ আতাউল্লাহ পার্শ্ববর্তী দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজার এলাকার মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান। তিনি পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে শিক্ষা সম্পন্ন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুটি অবুঝ সন্তান রেখে গেছেন। তিনি বিগত দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার জামে মসজিদে অত্যন্ত সুনামের সঙ্গে ইমামতি করে আসছিলেন।
নামাজের সিজদায় তরুণ এই ইমামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রিয় ইমামকে শেষবারের মতো একনজর দেখতে শত শত ধর্মপ্রাণ মানুষ ভিড় করেন। শ্রীরামপুর বাজার মসজিদ ও নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
kalprakash.com/IM