রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোর আনুমানিক ছয়টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বজনরা দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রিধিকার পরিবারের দেওয়া তথ্যমতে, একজনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। ভোরে ভিডিও কলে ওই ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে রিধিকা আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ছোট পর্দায় নিয়মিত কাজ করে পরিচিতি পেয়েছিলেন রিধিকা রিধি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।
kalprakash.com/IM