শিক্ষার গুণগত মান উন্নয়ন, সামাজিক মূল্যবোধ চর্চা এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরের কদমতলা ইউনিয়নের নতুন হাট পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় (কাছারি বাড়ি স্কুল) প্রাঙ্গণে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও ‘ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত হয়েছে।
‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা তথ্য অফিস, পিরোজপুরের আয়োজনে এবং ইউনিসেফ বরিশালের সহযোগিতায় যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাঠপর্যায়ে এটি বাস্তবায়নের সার্বিক দায়িত্ব পালন করে সামাজিক সংগঠন ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও টিম প্রধান এম এ নকিব নাছরুল্লাহ্। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষার মানোন্নয়ন, শিষ্টাচার এবং নৈতিকতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বাড়ি ও বিদ্যালয়ের আঙিনা পরিচ্ছন্ন রাখার কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বিদ্যালয়ের আশপাশের ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পরিষ্কার করে ডেঙ্গু লার্ভা ধ্বংসের পরিবেশ তৈরি করা হয়।
পিরোজপুর জেলা তথ্য অফিসার সাইফুদ্দীন আল মাদানীর দিকনির্দেশনায় স্থানীয় পর্যায়ে এমন সচেতনতামূলক উদ্যোগ পরিচালনা করায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ। ভবিষ্যতে তৃণমূল পর্যায়ের তরুণদের সাথে নিয়ে সমাজ উন্নয়নমূলক এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান স্থানীয়রা।
kalprakash.com/IM