জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত বীর শহীদদের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের স্বাধীনতা চত্বরে এ স্মৃতিচারণ ও স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম এ সালাম, শমসের আলী মোহন, শেখ শাহেদ আলী রবি, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, কামরুজ্জামান শিমুল, জাহিদুল ইসলাম শান্ত, আসাফউদ্দৌলা জুয়েল, গোলাম রসূল তরফদার নেওয়াজ, সাহিদা আক্তার, নার্গিস আক্তার ইভা, নার্গিস আক্তার লুনা, আতিকুর রহমান রাসেল এবং নিয়ামুল কবির রাহুলসহ জেলা, পৌর ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক দমন-পীড়ন ও স্বৈরাচারী শাসন উৎখাতে জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লব দেশে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এ অর্জিত গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনর্গঠন এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা ছাত্রদলের আয়োজনে বাগেরহাট শহরে একটি বিশাল আনন্দ ও শোভাযাত্রা র্যালি বের করা হয়। এ ছাড়া বাগেরহাটের ৯টি উপজেলা ও ৩টি পৌরসভাতেও বিএনপির উদ্যোগে পৃথক আলোচনা ও দোয়া মাহফিল পালিত হয়েছে।
kalprakash.com/IM