কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় আকাশ থেকে ছিটকে সমুদ্রের পানিতে পড়ে অক্ষর শৌভিক রায় (৩০) নামে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে প্রশাসনের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে অবৈধভাবে প্যারাসেইলিং পরিচালনা করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর সৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিহত অক্ষর শৌভিক রায় খুলনা সিটি করপোরেশন এলাকার বানিয়াখামার এলাকার বাসিন্দা শেখর রায়ের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসে শৌভিক ২ হাজার টাকার টিকিটে দরিয়ানগরে প্যারাসেইলিং করেন। আকাশে উড়ার পর হঠাৎ ৩ থেকে ৪ শত ফুট ওপর থেকে তিনি অনিয়ন্ত্রিতভাবে সমুদ্রে ছিটকে পড়েন। পরে স্পিডবোটের মাধ্যমে দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহপাঠীদের অভিযোগ, রাইড পরিচালনার সময় ন্যূনতম জরুরি উদ্ধারব্যবস্থা বা লাইফগার্ডের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফলে তাকে উদ্ধার করতে অনেক দেরি হয়ে যায়।
ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, বৈরী আবহাওয়ার সংকেতের কারণে তিন দিন আগেই সৈকতে সকল প্রকার প্যারাসেইলিং ও ঝুঁকিপূর্ণ ওয়াটার স্পোর্টস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে রাইড পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত পর্যটকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।
kalprakash.com/IM