নাটোরের গুরুদাসপুর উপজেলার ধানুড়া এলাকায় জমি বিক্রির কথা বলে টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না দেওয়া এবং বায়নার অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বিএনপির এক স্থানীয় নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন লিটন সরকার নামের এক ভুক্তভোগী কৃষক।
বুধবার (২৯ জুলাই) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ লিখিত অভিযোগ তোলেন ওই কৃষক।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক লিটন সরকার অভিযোগ করে বলেন, প্রায় দেড় বছর আগে গুরুদাসপুর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ৪ শতক জমি ৪ লাখ টাকায় বিক্রি করবেন বলে প্রতিশ্রুতি দেন। সেই চুক্তি অনুযায়ী তিনি ওই বিএনপি নেতাকে ১ লাখ ৫৩ হাজার টাকা অগ্রিম বায়না দেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও আব্দুল কাদের জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন না। পরবর্তীতে জমিতে সমস্যা দেখে অগ্রিম দেওয়া টাকা ফেরত চাইলে তা না দিয়ে উল্টো তাঁকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন ওই বিএনপি নেতা।
কৃষক লিটন সরকার আরও জানান, নিজের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার আশায় তিনি দীর্ঘদিন ধরে অভিযুক্ত বিএনপি নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেছেন। এমনকি প্রতিকার চেয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ জানালেও সমাধান পাননি। এ অবস্থায় বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল কাদের কৃষকের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে দীর্ঘদিন পার হলেও কেন টাকা ফেরত দিচ্ছেন না—এমন প্রশ্নের সদুত্তোর না দিয়ে তিনি বলেন, সরাসরি সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, অভিযোগটি প্রাথমিক তদন্তের জন্য থানার একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
kalprakash.com/IM