বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলায় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার মিঠাখালী বাজারে বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও রাজনৈতিক সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশগত বিপর্যয় ও মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের ফলে বিশ্বব্যাপী বাঘের অস্তিত্ব আজ মারাত্মক হুমকির মুখে। বাংলাদেশ অংশের সুন্দরবনে বাঘ ও বন্যপ্রাণী টিকিয়ে রাখতে বনের সার্বিক জীববৈচিত্র্য সংরক্ষণ, বনদূষণ রোধ, খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধ এবং চোরাশিকারি ও বন্যপ্রাণী পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা আন্দোলন ‘ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ রুস্তুম আলী, শাহ আলম শিপন, গোলাম রসুল, এম রেজাউল ইসলাম, নাজমুল হক, মেহেদী হাসানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা রাষ্ট্রীয় ‘টাইগার অ্যাকশন প্ল্যান’ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন, সুন্দরবনে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং বন ও পরিবেশ রক্ষায় স্থানীয় সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এর আগে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে সর্বস্তরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মিঠাখালী ও চাঁদপাই বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে স্থানীয় মাঠে বাঘ সচেতনতামূলক নাটক/মহড়া এবং এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
kalprakash.com/IM