মন্ত্রিসভায় পরিবর্তন ও পরিবর্ধন আনতে যাচ্ছে সরকার। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তর থেকে গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চাওয়া ছয়টি গাড়ি ইতোমধ্যে অধিদপ্তর সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে। তবে এর মধ্যে কয়টি ব্যবহৃত হবে, তা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি।
সরকারি যানবাহন অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদামাফিক ছয়টি গাড়ি প্রস্তুত করে পাঠানো হয়েছে। সেখান থেকেই নির্ধারণ করা হবে ঠিক কতটি গাড়ি ব্যবহার করা হবে।
এখন পর্যন্ত নতুন চারজন সদস্যের নাম জানা গেছে। তাঁরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
আজ শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পরপরই বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন রাষ্ট্রপতি তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রাথমিক আকার ছিল প্রধানমন্ত্রীসহ মোট ৫০ জন; যার মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।
kalprakash.com/IM