বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | ভোর ৪:৫৮:৩৬

আমরা জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক হতে চাই না: সিএমপি কমিশনার

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১:২৭
শেয়ার: mail
আমরা জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক হতে চাই না: সিএমপি কমিশনার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আমরা জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক হতে চাই না। পুলিশ ভালো কাজ করছে কি না, তার প্রধান মাপকাঠি নাগরিক সন্তুষ্টি। সাধারণ মানুষ পুলিশের সেবা ও আচরণে সন্তুষ্ট হলে বুঝতে হবে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে।

শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। এ সময় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহবুব মাওলা রিপন।

হাসান মো. শওকত আলী বলেন, আইনশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর পুলিশিংয়ের অন্যতম প্রধান উপাদান হলো কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা যত বাড়বে, পুলিশ তত কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে।

পুলিশের আচরণ ও দৃষ্টিভঙ্গির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ আলাদা—এটি শুধু পুলিশ নিজে মনে করলে হবে না। সাধারণ মানুষকে পুলিশের কাজ ও আচরণের মাধ্যমে সেটি অনুভব করতে হবে।

জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না। সিএমপির পক্ষ থেকে বলতে চাই, আমরা জনগণের পুলিশ হিসেবে জনগণের জন্য কাজ করতে চাই।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। একজন সাংবাদিক পুলিশের কোনো কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে সেটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। বরং প্রতিবেদনটি গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে প্রয়োজনীয় বিষয়গুলো অনুধাবন করতে হবে।

এ সময় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। সাংবাদিকরা যদি সঠিক সংবাদ পরিবেশন করতে পারেন, তাহলে সেখানে বিভাজনের কোনো সুযোগ থাকে না। সংবাদ অবশ্যই সত্যনিষ্ঠ হতে হবে এবং সেই সত্যের ভিত্তিতেই প্রকাশ করতে হবে।

পুলিশের সেবা প্রসঙ্গে তিনি বলেন, সিএমপিতে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য রয়েছেন। প্রায় ৭০ লাখ মানুষের নগরের সব তথ্য তাদের পক্ষে জানা সম্ভব নয়। নাগরিকরা তথ্য দিয়ে সহযোগিতা করলে বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশের জন্য তা সহজ হবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিক একই লক্ষ্য নিয়ে দিনরাত কাজ করছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জনগণের সেবায় নিয়োজিত এই দুই পেশার মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠলে জনগণের প্রত্যাশা আরও ভালোভাবে পূরণ হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward