সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৫৫:১৩

বিশ্বকাপ হারের পর আর্জেন্টিনা দলে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন পারেদেস

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:৪২
শেয়ার: mail
বিশ্বকাপ হারের পর আর্জেন্টিনা দলে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন পারেদেস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের মাত্র চার দিন পর আর্জেন্টিনা জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সে ফেরার পর এই আর্জেন্টাইন মিডফিল্ডার জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।

একই সঙ্গে পারেদেস জানিয়েছেন, শুধু তিনি নন, বর্তমান আর্জেন্টিনা দলের আরও কয়েকজন খেলোয়াড়ও নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।

ও’হিগিন্সের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস জানান, বিশ্বকাপের শেষ দিকে পাঁজরের ছোট চোট নিয়েই পুরো টুর্নামেন্ট খেলেছেন তিনি।

পারেদেস বলেন, ‘প্রথম কয়েক দিন খুব কঠিন ছিল। মিসরের বিপক্ষে ম্যাচের পর ব্যথা অনেক বেড়ে গিয়েছিল। তবে চিকিৎসকদের সহায়তায় আমি টুর্নামেন্ট শেষ করতে পেরেছি। এখন অনেকটাই সুস্থ আছি।’

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ওঠা বিভিন্ন বিতর্ক ও ষড়যন্ত্রের অভিযোগও উড়িয়ে দিয়েছেন এই মিডফিল্ডার। তিনি বলেন, মানুষের সব কথা শুনতে গেলে পাগল হয়ে যেতে হবে। স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই ন্যায্যভাবে চ্যাম্পিয়ন হয়েছে।

পারেদেস আরও বলেন, গত আট বছরে আর্জেন্টিনা যে সাফল্য পেয়েছে, এখন সেটি উপভোগ করার সময়। তবে বিশ্বকাপ ফাইনালের হার থেকে যাওয়া কষ্টের কথাও স্বীকার করেছেন তিনি।

তার ভাষায়, ‘বিশ্বকাপ ফাইনাল হারানোর বেদনা অনেক দিন থাকবে। কারণ আমরা আবারও খুব কাছে গিয়েছিলাম। তারপরও আমাদের অর্জনগুলো নিয়ে গর্ব করা উচিত।’

Lionel Messi ও কোচ Lionel Scaloni-এর ভবিষ্যৎ প্রসঙ্গেও কথা বলেন পারেদেস। তিনি জানান, শুধু মেসি বা স্কালোনি নন, দলের আরও অনেক খেলোয়াড়ের সামনে এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

পারেদেস বলেন, ‘আমাদের অনেকেরই ভাবতে হবে, জাতীয় দলে খেলা চালিয়ে যাব কি না। কোচের সঙ্গে কথা বলতে হবে। এরপর শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘আমি এখনই কিছু বলতে পারছি না। আগে সবকিছু মেনে নিতে হবে, ভালোভাবে ভাবতে হবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward