গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফিরোজ কবির নিরব (১৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ফিরোজ কবির নিরব উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ জুন) দিবাগত রাতে ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ এলাকার ধাপাচিলা বাজারসংলগ্ন স্থানে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ফিরোজ কবির নিরবের বসতবাড়ির পূর্ব পাশে একটি খড়ের ঘরের দক্ষিণ দিকের পুরোনো কাঠের র্যাক থেকে বিশেষভাবে মোড়ানো ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত যুবকসহ কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মাদকসহ গ্রেফতার যুবককে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।