পাবনার চাটমোহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশের নিয়মিত অভিযানে দুই মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ জুন) উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর এবং হরিপুর ইউনিয়নের বুড়িপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— গুনাইগাছা ইউনিয়নের বড়শালিখা এলাকার ইমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮) এবং হরিপুর ইউনিয়নের বুড়িপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে জয়নাল (৬৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে তাদের আটক করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বলেন, “মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, “মাদক নির্মূলে থানা পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ দুইজনকে দণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পাবনা প্রতিনিধি 






















