রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১০:৫২

বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ছবি ব্যবহার, ফরাসি ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৬:৪৬
শেয়ার: mail
বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ছবি ব্যবহার, ফরাসি ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) বিরুদ্ধে খেলোয়াড়দের সম্মতি ছাড়াই একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তাদের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেসহ কয়েকজন তারকা ফুটবলার অসন্তোষ প্রকাশ করেছেন।

রোববার (৭ জুন) ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনলাইন বেটিং প্রতিষ্ঠান ‘বেটক্লিক’ একটি প্রচারণামূলক বিজ্ঞাপন প্রকাশ করে। সেখানে কিলিয়ান এমবাপ্পে, রায়ান চেরকি, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে এবং দেজিরে দুয়ের ছবি ব্যবহার করা হয়।

ফরাসি গণমাধ্যমের দাবি, ফটোশুটের সময় খেলোয়াড়দের জানানো হয়নি যে তাদের ছবি জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ব্যবহার করা হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এমবাপ্পে ও চেরকি এ নিয়ে সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেন।

এর আগেও ২০২২ সালে খেলোয়াড়দের ইমেজ রাইটস বা চিত্রস্বত্ব নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন এমবাপ্পে। পরবর্তীতে ২০২৩ সালে খেলোয়াড় প্রতিনিধি ও ফেডারেশনের মধ্যে নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমান ঘটনাটি সেই চুক্তির শর্ত লঙ্ঘনের সম্ভাব্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

জুয়া ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের প্রচারণার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবস্থান নিয়ে আসছেন এমবাপ্পে। তিনি অতীতে একাধিকবার বলেছেন, জুয়ার নেতিবাচক প্রভাব সমাজের অনেক মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এ ধরনের প্রচারণায় যুক্ত হতে তিনি অনাগ্রহী।

এদিকে এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেনও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ফুটবল তারকাদের ব্যবহার তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে ফরাসি ফুটবল ফেডারেশন দাবি করেছে, বিদ্যমান চুক্তির নিয়ম অনুসারেই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এ ধরনের নৈতিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে অধিনায়ক এবং ফেডারেশন সভাপতির মধ্যে আলোচনার যে প্রক্রিয়া রয়েছে, তা এবার যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

kalprakash.com/IH

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ছবি ব্যবহার, ফরাসি ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে

বিস্তারিত কমেন্টে