যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ, যা হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮টি দল এবং ১০৪টি ম্যাচ নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে বহু পুরোনো রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফুটবল বিশ্লেষকদের মতে, এই আসরটি হতে পারে রেকর্ড পুনর্লিখনের অন্যতম বড় মঞ্চ।
একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড রয়েছে ২০২২ কাতার বিশ্বকাপে, যেখানে ৬৪ ম্যাচে ১৭২টি গোল হয়েছিল। তবে ২০২৬ বিশ্বকাপে ম্যাচ সংখ্যা অনেক বেড়ে ১০৪টি হওয়ায় ধারণা করা হচ্ছে মোট গোলের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে। ফলে দীর্ঘদিনের এই রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এছাড়া বিশ্বকাপে ছয়বার অংশ নেওয়ার ইতিহাস গড়তে পারেন কয়েকজন কিংবদন্তি ফুটবলার। এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে খেলার কীর্তি রয়েছে পাঁচজন খেলোয়াড়ের। ২০২৬ বিশ্বকাপে মাঠে নামতে পারলেই লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও গুইলার্মো ওচোয়া প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ড গড়বেন।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা, যিনি চার আসরে ১৬ গোল করেছেন। বর্তমানে মেসির গোল ১৩ এবং এমবাপ্পের ১২। ফলে মেসির প্রয়োজন মাত্র ৪ গোল এবং এমবাপ্পের ৫ গোল। বিশেষ করে এমবাপ্পের বয়স ও বর্তমান ফর্ম বিবেচনায় এই রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধু গোল নয়, সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডেও পরিবর্তন আসতে পারে। বর্তমানে ক্লোসার ১৭টি জয় শীর্ষে রয়েছে। মেসির রয়েছে ১৬টি জয়। আর্জেন্টিনা ভালো পারফর্ম করলে মেসি খুব সহজেই এই রেকর্ড নিজের করে নিতে পারেন।
অন্যদিকে কোচদের রেকর্ডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপে সর্বাধিক ১৬ ম্যাচ জয় নিয়ে শীর্ষে আছেন হেলমুট শন। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বর্তমানে ১৪টি জয় নিয়ে আছেন। ফ্রান্স যদি আরও দুটি বা তিনটি ম্যাচ জেতে, তাহলে তিনি নতুন রেকর্ড গড়ে ইতিহাসে নাম লেখাতে পারেন।
সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ শুধু নতুন ফরম্যাটের টুর্নামেন্টই নয়, বরং ফুটবল ইতিহাসের বহু পুরোনো রেকর্ড নতুন করে লেখার এক অনন্য আসর হতে যাচ্ছে।
স্পোর্টস ডেস্ক 






















