ঈদ পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের ডাউটিয়া এলাকায় তিনদিনব্যাপী লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলা ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেলে ডাউটিয়া হাই স্কুল মাঠে ডাউটিয়া বুলবুল ক্লাবের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রথম দিনে অনুষ্ঠিত হয় বিভিন্ন ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। এর মধ্যে রশি টানাটানি, চোখ বেঁধে হাঁড়ি ভাঙা এবং কলাগাছে ওঠা খেলা দর্শকদের বিশেষভাবে আনন্দ দেয়। দুপুরের পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা পরিচালনা করেন মানিকগঞ্জ এনজিও ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফরিদ খান এবং সদর উপজেলা কৃষক দলের সভাপতি মো. আরিফ মোল্লা।
বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি 























