ইংলিশ ক্লাব চেলসি নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসোকে। চার বছরের চুক্তিতে জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের এক দিন পরই আনুষ্ঠানিকভাবে আলোনসোর নিয়োগের ঘোষণা দেয় ক্লাবটি। চেলসি আশা করছে, বারবার কোচ পরিবর্তনের কারণে তৈরি হওয়া অস্থিরতা কাটিয়ে তিনি দলকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনবেন।
গত জানুয়ারিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রিয়াল মাদ্রিদ ছাড়েন আলোনসো। এর আগে তিনি জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে তিন বছর দায়িত্ব পালন করে বড় সাফল্য পান। তার অধীনেই ২০২৪ সালে ক্লাবটি প্রথমবার বুন্দেসলিগা শিরোপা জেতে এবং জার্মান কাপও ঘরে তোলে।
খেলোয়াড়ি জীবনে আলোনসো দীর্ঘদিন ইংলিশ ক্লাব লিভারপুলে খেলেছেন, যেখানে ২০০৫ সালে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন। এছাড়া তিনি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখেও খেলেছেন।
স্পেন জাতীয় দলের হয়ে ১১৪ ম্যাচ খেলে ২০১০ সালের বিশ্বকাপ জয় এবং দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের অংশ ছিলেন এই মিডফিল্ডার।
চেলসিতে যোগ দিয়ে আলোনসো বলেন, ক্লাবটি বিশ্বের অন্যতম বড় এবং এখানে কোচ হতে পারা তার জন্য গর্বের বিষয়। তিনি আরও জানান, লক্ষ্য হলো একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গঠন করে নিয়মিত শিরোপার জন্য লড়াই করা।