তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর এখন সবার নজর বুথফেরত জরিপের দিকে। আর এই জরিপেই সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন দক্ষিণী চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়।
রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই নিজের দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। বিভিন্ন বুথফেরত জরিপে তার দলের পক্ষে শক্তিশালী জনসমর্থনের আভাস পাওয়া যাচ্ছে, যা তাকে নির্বাচনের অন্যতম চমক হিসেবে তুলে ধরেছে।
নির্বাচনে বিজয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। ভোটের আগে তার জনসভাগুলোতে বিপুল জনসমাগম দেখা যায়, যা রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে। সেই প্রভাবই এখন বুথফেরত জরিপে প্রতিফলিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিভিন্ন জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বিজয়ের দল প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রায় ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সব জরিপে একই চিত্র উঠে আসেনি। কিছু জরিপে ডিএমকে জোটকে ১২০ থেকে ১৪৫টি আসন দিয়ে এগিয়ে রাখা হয়েছে, আর এআইএডিএমকে জোটকে ৬০ থেকে ৮০টি আসন পাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে।
কিছু বিশ্লেষণী সংস্থা আবার বলছে, বিজয়ের দল সরাসরি সরকার গঠনের অবস্থানে না থাকলেও ‘কিংমেকার’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদি তারা ৬৭ থেকে ৮১টি আসন পায়।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশেরও বেশি, যা রাজ্যের নির্বাচনী উত্তেজনা ও আগ্রহের প্রতিফলন।
এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষা, যেখানে বোঝা যাবে বুথফেরত জরিপ কতটা বাস্তব রূপ নেয় এবং রাজনীতিতে অভিষেকেই ইতিহাস গড়তে পারেন কি না থালাপতি বিজয়।
বিনোদন ডেস্ক 

























