২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ৬ হাজার টাকা করে ভর্তি সহায়তা দেবে সরকার।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর মাধ্যমে এই সহায়তার জন্য আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করা যাবে।
ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ ও আলিম ১ম বর্ষের শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আবেদন করতে পারবে।
আবেদনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে: https://www.eservice.pmeat.gov.bd/admission
যোগ্যতা অনুযায়ী, পূর্বের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে।
এছাড়া এতিম, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য সনদপত্র আপলোড করতে হবে।
আবেদনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধির ‘হতদরিদ্র’ সনদ, প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন, পিতা-মাতার এনআইডি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৬ হাজার টাকা পাঠানো হবে।
তথ্য ও সহায়তার জন্য অফিস চলাকালীন সময়ে হেল্পলাইন নম্বরে (০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬) যোগাযোগ করা যাবে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 
























