জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের পরিবহন খাতে ভাড়ার ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বাসভাড়ার পর এবার লঞ্চ ভাড়াও বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চে স্বল্প দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং দীর্ঘ দূরত্বে ১৪ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এতে কম দূরত্বে ভাড়া বেড়েছে ৬.৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫.৮৮ শতাংশ।
মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এর আগে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত বৃহস্পতিবার সারা দেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। তবে দূরপাল্লা ও মহানগর এলাকায় কিলোমিটারপ্রতি ভাড়া বাড়লেও ঢাকা ও চট্টগ্রামে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে—যথাক্রমে ১০ ও ৮ টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি জানানো হয়, এই বর্ধিত ভাড়া সিএনজিচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
কাল প্রকাশ ডেস্ক 
























