সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা সাড়ে ১৭ কেজি স্বর্ণ আদালতে উপস্থাপনের সময় কমিয়ে দেখানো হয়েছে মাত্র দেড় কেজি—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে চ্যানেল টুয়েন্টিফোরের অনুসন্ধানে।
ঘটনাটি ঘটে গত বছরের ৫ নভেম্বর হাইকোর্টে জামিন শুনানির সময়। ওই সময় মামলার নথিতে স্বর্ণের পরিমাণ উল্লেখ করা হয় ১ কেজি ৫০০ গ্রাম। অথচ বিমানবন্দরে জব্দ করা স্বর্ণের প্রকৃত পরিমাণ ছিল ১৭ কেজি ৫০০ গ্রাম।
অনুসন্ধানে জানা যায়, নথি যাচাইয়ের পর দেখা যায় আসল তথ্য থেকে কৌশলে সংখ্যাগত অংশ বাদ দেওয়া হয়েছে। বিষয়টি ধরা পড়ার পর আদালত জামিন স্থগিত করে এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। তবে এর আগেই জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে যান আসামিরা।
ঘটনার সূত্রপাত হয় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি। সেদিন শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১২০টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের পেস্টের চাকা জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ছিল প্রায় ২১ কোটি টাকা।
এ ঘটনায় নতুন করে শুরু হয়েছে আলোচনা ও তদন্ত। তবে আসামিপক্ষের আইনজীবী সাদিয়া ইয়াসমিন অভিযোগ অস্বীকার করে বলেন, মামলা গ্রহণের সময় নথিতেই স্বর্ণের পরিমাণ ১ কেজি ৫০০ গ্রাম উল্লেখ ছিল।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 























