মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ৮:১৫:৩০

বেরোবির মূল ফটকে লাঠি-সোটা নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, থমথমে ক্যাম্পাস

মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৫৬
শেয়ার: mail
বেরোবির মূল ফটকে লাঠি-সোটা নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, থমথমে ক্যাম্পাস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র হাতে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে পূর্বঘোষিত কর্মসূচি থাকলেও বিকেল থেকে ক্যাম্পাসের আশপাশে ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি-সোটা ও বাঁশ হাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন। এ সময় তাঁরা ছাত্রশিবিরবিরোধী নানা উত্তেজক স্লোগান দিতে থাকেন।

জানা যায়, একই স্থানে মঙ্গলবার বিকেল ৫টায় রংপুর মহানগর ছাত্রশিবিরের ব্যানারে বিক্ষোভ মিছিল কর্মসূচির কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁদের সেখানে দেখা মেলেনি।

এর আগে গত সোমবার (৩ আগস্ট) রাতে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সেই উত্তেজনার ধারাবাহিকতায় মঙ্গলবার একই স্থানে উভয় পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করলে ক্যাম্পাসে চরম থমথমে অবস্থা তৈরি হয়।

নতুন করে সংঘাত এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই ক্যাম্পাসে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির অনুরোধ জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানবাহন চলাচলেও সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward