বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।
বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাধারণ আইনজীবীরা সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
বিক্ষোভকারীরা এই সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে নিয়মিতভাবে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার দাবি জানান। তাদের মতে, ভার্চুয়াল কোর্ট ব্যবস্থার কারণে বিচার প্রক্রিয়া ধীর হবে এবং সাধারণ বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।
আইনজীবীরা আরও বলেন, সরকারের পক্ষ থেকে দেশে বড় ধরনের জ্বালানি সংকট নেই বলা হলেও আদালতের কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত অসামঞ্জস্যপূর্ণ।
তাদের অভিযোগ, ভার্চুয়াল শুনানিতে প্রযুক্তিগত ও বাস্তবিক সমস্যার কারণে মক্কেলদের পক্ষে যথাযথভাবে আইনগত যুক্তি ও নথিপত্র উপস্থাপন করা কঠিন হয়ে পড়ে।
এই অবস্থার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘আইনজীবী জনতা, গড়ে তোলো একতা’ এবং ‘ভার্চুয়াল না অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল অ্যাকচুয়াল’।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক নোটিশে জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে ২১ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হবে। এই সিদ্ধান্তের পর থেকেই আইনজীবীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 



















