শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে এক বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
মৃত যুবক শিপন হাওলাদার (২৫) বরগুনা সদরের বাসিন্দা এবং সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, প্রায় ১৯ মাস আগে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন শিপন। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করে। পরে আদালতের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠানো হয়।
সূত্র জানায়, আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই গত বৃহস্পতিবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরবর্তীতে দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার দুপুর একটার দিকে নাকুগাঁও সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি, বিএসএফ ও স্থানীয় পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলক রায়, শেরপুর প্রতিনিধি 

























