জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এমন কোনো লোভের প্রস্তাব ছিল না যা তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখাননি, তবে তিনি কোনো প্রস্তাবেই সাড়া দেননি।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলার সার্কিট হাউসে জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তার বয়স এখন ৮০ বছর, তাই আর নতুন কোনো রাজনৈতিক হিসাব-নিকাশে যাওয়ার সময় নেই। তিনি আরও দাবি করেন, তার রাজনৈতিক অবস্থান সবসময় জিয়া পরিবারের প্রতি অনুগত ছিল এবং জীবনের বেশিরভাগ সময় সত্য ও ন্যায়ের পথে থেকে কাজ করেছেন।
স্পিকার বলেন, তিনি সবসময় এককভাবে নিজের সিদ্ধান্তে চলেছেন এবং যে বিষয়কে সত্য মনে করেছেন, তা প্রকাশ করতে পিছপা হননি। এ কারণে অনেক সময় সমালোচনার মুখেও পড়েছেন বলে জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, জেনারেল জিয়াউর রহমানের অধীনে তিনি যুদ্ধ করেছেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি তার শ্রদ্ধা ও অনুগত থাকার কথা বলেন। একই সঙ্গে তিনি বিএনপির নেতৃত্ব ও সিদ্ধান্তের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।