দেশের সরকারি দপ্তরগুলোতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রায় ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগের মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান।
সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি একটি রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে আগামী ছয় মাসে ২ হাজার ৮৭৯টি, এক বছরে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদে নিয়োগ সম্পন্নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রায় ৫ লাখ শূন্যপদ পূরণে সরকার কাজ করছে। এ জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের শূন্যপদের হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট শূন্যপদ ছিল ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তাসহ বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য সংখ্যক পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই নিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সরকারি সেবার মান ও প্রশাসনিক দক্ষতা বাড়বে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 























