গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার সময় সৃষ্ট লিকেজের কারণে ঢাকার কেরানীগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে। কাজ শেষ হওয়ার পরপরই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কালিবাড়ী রোড, চুনকুটিয়া ও কেরানীগঞ্জ এলাকায় উচ্চচাপবিশিষ্ট (পিএসআইজি) গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার কারণে লিকেজের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইনের লিকেজ মেরামতের স্বার্থে দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মেরামতকাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উল্লিখিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।
সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।