মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আলমগীর দেওয়ান নামে আরও এক ব্যক্তি মেঘনা নদীতে নিখোঁজ রয়েছেন। সংঘর্ষের সময় নদী সাঁতরে পার হতে গিয়ে তিনি নিখোঁজ হন। তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংঘর্ষে সেলিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।
এদিকে নিখোঁজের বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে মাঝ নদীতে আলমগীর দেওয়ান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।