২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে আবদুল মোতালিব (১৪) নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাত দিনের রিমান্ড শেষে সাঈদ খোকনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। একই দিন এ মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় আন্দোলনে অংশ নেয় কিশোর আবদুল মোতালিব। এ সময় তার বুকে ও গলায় গুলি লাগে। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।