বিশ্বের যেকোনো দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস বা মিশনে গেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান নেই।
এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই আসতে হবে।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় দেশের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতার অভিযোগ করেন হুমায়ূন কবির। তিনি বলেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।