নেপালের বন্যা-পরবর্তী পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য ১৫ হাজার কোটি ভারতীয় রুপির অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে ভারত। পাশাপাশি দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আটটি সমঝোতা স্মারক (এমওইউ)।
সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের দ্বিপাক্ষিক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল বালেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি জানান, নেপালের পুনর্গঠন ও উন্নয়নে ২৪ হাজার কোটি নেপালি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি রুপি।
মোদি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত জনপদ পুনর্বাসন এবং ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষের সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে।
ভারত-নেপাল সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুই দেশ কেবল প্রতিবেশী নয়, বরং আস্থা ও বন্ধুত্বের গভীর বন্ধনে আবদ্ধ। দুই দেশের আশা-আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে অভিন্ন। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই এই সম্পর্কের অন্যতম বৈশিষ্ট্য।
এ সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নেতৃত্বের প্রশংসা করে মোদি বলেন, দেশটির জনগণ তাঁকে যে ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছে, তা নতুন প্রজন্মের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন।
অন্যদিকে, ভারতের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, নেপাল ও ভারতের সম্পর্ক হিমালয়ের মতো অটল এবং মহাসাগরের মতো বিশাল। দুই দেশের বন্ধন অত্যন্ত গভীর। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটের সময়ে ভারতের সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে স্বাক্ষরিত আটটি সমঝোতা স্মারকের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্যসেবা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদসহ ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন করেন। পাশাপাশি নতুন কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তাঁরা।
দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও সীমান্ত বিরোধ ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে বিভিন্ন সময়ে ভারত-নেপাল সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে নেপালে চীনের বিনিয়োগ ও প্রভাব বেড়েছে। দেশটিতে বিমানবন্দর, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করছে চীন।
তবে স্থলবেষ্টিত নেপাল জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতাও সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে ভারত।