পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপে ভুগছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান। হৃদযন্ত্র ও কিডনির স্থায়ী ক্ষতি এড়াতে আগামী কয়েক দিনের মধ্যেই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। গত সোমবার দেশটির শীর্ষ বিচারকদের কাছে লেখা এক খোলা চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জরুরি চিকিৎসার ব্যবস্থা না করা হলে কারাগার থেকে হয়তো আর জীবিত ফিরতে পারবেন না। ইমরানের ৩০ বছরেরও বেশি সময়ের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি দ্রুত তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ডা. সুলতান সতর্ক করে বলেছেন, চিকিৎসায় দেরি হলে ইমরান খান গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। তার রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি।
৭৪ বছর বয়সী ইমরান খানকে ২০২৩ সালের আগস্টে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেপ্তারের পর থেকে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ১ দশমিক ৮ মিটার বাই ২ দশমিক ৪ মিটার আয়তনের একটি ছোট কক্ষে বন্দি রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ডা. ফয়সাল সুলতান বলেন, কোনো রোগীর রক্তচাপ এত বেশি হলে তিনি তাকে আজ অথবা আগামীকালের মধ্যেই অভিজ্ঞ কিডনি বা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাতেন। তার মতে, কয়েক দিনের মধ্যেই ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
তিনি বলেন, দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগলে কিডনি ও হৃদযন্ত্রের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ অবস্থায় হৃদযন্ত্রকে স্বাভাবিকের চেয়ে বেশি চাপ নিয়ে কাজ করতে হয়। এতে হৃদপেশি অস্বাভাবিকভাবে বড় হয়ে যেতে পারে, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে হাইপারট্রফি বলা হয়। এ ছাড়া উচ্চ রক্তচাপের কারণে চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর স্থায়ী ক্ষতি এড়াতে দ্রুত চিকিৎসা প্রয়োজন।
গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে ইমরান খান দাবি করেন, তার ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে তিনি অত্যন্ত উচ্চ রক্তচাপে ভুগছেন বলেও জানান।
ইমরান খানের দাবি, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। এ সময় তাকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত একা থাকতে হয়। ওই দিনই তার ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার মধ্যে একটিতে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
ডা. ফয়সাল সুলতান করোনাভাইরাস মহামারির সময় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সরকারের চিকিৎসা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইমরান খানের প্রতিষ্ঠিত শওকত খানুম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী।
ইমরানের স্বাস্থ্যগত সমস্যার পেছনে দীর্ঘদিনের একাকিত্বও ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তার ব্যক্তিগত চিকিৎসক। ডা. সুলতান জানিয়েছেন, তিনি ইমরান খানের সঙ্গে সরাসরি দেখা করার অনুমতি চেয়েছেন। তার ভাষ্য, সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা উচ্চ রক্তচাপের সমস্যার অন্যতম কারণ হতে পারে। তিনি বলেন, ইমরানের সঙ্গে সরাসরি দেখা করতে চান তিনি।
এর আগে গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার নিরপেক্ষ মূল্যায়ন করার কথা ছিল। এর আগে তার আইনজীবীরা স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
ওই সময় ডা. সুলতান হাসপাতালে ইমরানের জন্য অপেক্ষা করলেও তাকে সেখানে নেওয়া হয়নি। পরিবর্তে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তিনি কারাগারে ফিরে যাওয়ার মতো শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
কারাগারে ইমরান খানের সঙ্গে আচরণ নিয়েও তার সমর্থকেরা বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। গত সেপ্টেম্বরে তার ছেলেরাও সতর্ক করে বলেছিলেন, পাকিস্তানের সাবেক এই ক্রিকেট অধিনায়কের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সাবেক জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফি বুখারি বলেন, ইমরান খানকে পরীক্ষা করা চিকিৎসকেরা সবাই সরকারের নির্দেশে দায়িত্ব পালন করেছেন। কিন্তু কেউই তার রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারেননি কিংবা শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেননি।
তিনি আরও বলেন, ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকদের এখনই তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া জরুরি। এতে তার শারীরিক অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা সম্ভব হবে। চিকিৎসায় আরও দেরি হলে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি।