ইরানের বিরুদ্ধে এবার ‘ডার্টি বম্ব’ বা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ ধরনের হামলা কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলছে, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের দায় ও পরিণতি থেকে বিশ্ববাসীর মনোযোগ সরাতেই নতুন করে ডার্টি বম্বের ভয় দেখাচ্ছে ওয়াশিংটন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ে অভিযোগের পর এবার যুক্তরাষ্ট্র ডার্টি বম্ব হামলার নতুন দাবি সামনে এনেছে।
বাঘাইয়ের অভিযোগ, ইরানের বিরুদ্ধে অবৈধ ও অন্যায় যুদ্ধ শুরু করার দায় এড়াতেই এ ধরনের অভিযোগ তুলছে যুক্তরাষ্ট্র।
এর আগে গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইরান হয়তো ওয়াশিংটন ডিসিতে ডার্টি বম্ব বিস্ফোরণ ঘটানো অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর ভাষ্য, ইরানের বিরুদ্ধে পারমাণবিক হুমকির অভিযোগ প্রতিষ্ঠা করতে না পেরে এখন ডার্টি বম্ব এবং দেশটির বাঁধ নিয়ে নতুন নতুন অভিযোগ তোলা হচ্ছে।
বাঘাই আরও বলেন, এসব অভিযোগের মাধ্যমে নিজেদের আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে এ ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্রের অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডকে কোনোভাবেই ন্যায়সংগত প্রমাণ করতে পারে না।
ইরানের দাবি, নতুন এই অভিযোগ দেশটির বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের রাজনৈতিক বৈধতা তৈরির প্রচেষ্টার অংশ। অন্যদিকে, ডার্টি বম্ব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।