সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে। তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়।
আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।
এর আগে আজিজুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি যশোর জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।