শারীরিক অসুস্থতার কারণে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে দেওয়া চিঠিতে ওসমান ফারুক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকায় নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান তিনি।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে পদত্যাগ কার্যকর করার অনুরোধও জানিয়েছেন তিনি।
চিঠিতে ওসমান ফারুক আরও লিখেছেন, সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। কিশোরগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম বড় সম্মান ও গৌরবের বিষয়।