বলিউডের প্রয়াত অভিনেত্রী নিম্মির রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দেখা দিয়েছে আইনি জটিলতা। তাঁর দীর্ঘদিনের কেয়ারটেকার আসসার আহমেদ শেখের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও কয়েক কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অভিনেত্রীর দত্তক ছেলের পরিবার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগটি দায়ের করেন মোহাম্মদ ইউনুস সালিম দুররানি। তিনি প্রয়াত অভিনেত্রী নিম্মির দত্তক ছেলে সৈয়দ পারভেজের বিধবা স্ত্রী সালমা নেলদি পারভীনের পাওয়ার অব অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে বলা হয়েছে, বিরোধের কেন্দ্রে রয়েছে মুম্বাইয়ের জুহু তারা রোডের নেহা অ্যাপার্টমেন্টে থাকা দুটি ফ্ল্যাট। এসব সম্পত্তির আনুমানিক মূল্য ৭ থেকে ৮ কোটি টাকা। এ ছাড়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) ও সারস্বত ব্যাংকে থাকা প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকার স্থায়ী আমানত, গহনা এবং একটি গাড়িও সম্পত্তির তালিকায় রয়েছে।
অভিযোগকারীর দাবি, অভিনেত্রী নিম্মির জীবনের শেষ সময়ে কেয়ারটেকার আসসার আহমেদ তাঁর সঙ্গে যৌথ ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতেন। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি অভিনেত্রীর স্থায়ী আমানত থেকে অর্থ আত্মসাৎ করেছেন। নিম্মির গাড়িটি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে সেই অর্থ আত্মসাতের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি জুহুর দুটি ফ্ল্যাটে তালা ঝুলিয়ে রাখার অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, নিম্মির উইলে তাঁর দত্তক ছেলেকে সম্পত্তির প্রধান সুবিধাভোগী হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে কেয়ারটেকার ওই উইল গোপন করেছেন বলে দাবি পরিবারের। পরে উইলের বিস্তারিত জানতে মুম্বাই হাইকোর্টে মামলা করে পরিবারটি।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, মুম্বাই হাইকোর্টে প্রবেট-সংক্রান্ত কার্যক্রম চলমান থাকা অবস্থায় কেয়ারটেকার জুহুর দুটি ফ্ল্যাট বিক্রি করে অর্থ ভাগাভাগির প্রস্তাব দেন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে অভিনেত্রীর পরিবার।
এ ঘটনায় সান্তাক্রুজ পুলিশ আসসার আহমেদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৪, ৪০৬, ৪২০, ৪৬৫, ৪৬৭ ও ৪৬৮ ধারায় মামলা করেছে। এসব ধারায় মৃত ব্যক্তির সম্পত্তি অসৎভাবে আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, নবাব বানু নামের এই অভিনেত্রী বলিউডে নিম্মি নামে পরিচিত ছিলেন। ১৯৪০ ও ১৯৫০-এর দশকে হিন্দি চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। রাজ কাপুর ও দিলীপ কুমারের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন নিম্মি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বরসাত’, ‘আন’, ‘উড়ান খটোলা’ ও ‘মেরে মেহবুব’। ২০২০ সালের জুনে ৮৭ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী।